আগরতলা।। জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে প্রতি বছর মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিভিন্ন ধরনের মিষ্টি, দই, সন্দেশ ও বিশেষ প্যাকেটজাত উপহার কিনতে সকাল থেকেই দোকানগুলোতে মানুষের আনাগোনা শুরু হয়। তবে এ বছর সেই চিত্র অনেকটাই ভিন্ন।

ব্যবসায়ীদের মতে, হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী মল মাস চলার কারণে অনেক পরিবার জামাই ষষ্ঠীর অনুষ্ঠান পালন থেকে বিরত রয়েছেন অথবা পরে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। এর সরাসরি প্রভাব পড়েছে মিষ্টির ব্যবসায়।দোকান মালিকরা জানান, অন্যান্য বছর এই সময়ে বিক্রি কয়েকগুণ বেড়ে গেলেও এবার ক্রেতার সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। বিশেষ করে বড় অর্ডার ও উপহার প্যাকেটের চাহিদা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ফলে উৎসবকে ঘিরে যে বাড়তি ব্যবসার আশা করেছিলেন তারা, তা পূরণ হয়নি।

অনেক দোকানেই পর্যাপ্ত মিষ্টি প্রস্তুত করা হলেও প্রত্যাশিত বিক্রি না হওয়ায় ব্যবসায়ীরা কিছুটা হতাশ।তবে তারা আশা প্রকাশ করে বলেন, মল মাস শেষ হওয়ার পর বিভিন্ন শুভ অনুষ্ঠান ও পারিবারিক আয়োজন আবার শুরু হবে। তখন মিষ্টির চাহিদাও বাড়বে এবং ব্যবসায় ক্ষতির কিছুটা হলেও পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

সব মিলিয়ে, জামাই ষষ্ঠীর মতো একটি গুরুত্বপূর্ণ উৎসবেও এ বছর বাজারে তেমন উৎসবের আমেজ না থাকায় মিষ্টির দোকানগুলোর ব্যবসা অনেকটাই মন্দা যাচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *