আগরতলা, প্রতিনিধি : সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী-র উদ্যোগে সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো ‘জনতার দরবার’-এর আরও একটি পর্ব।
শনিবার অনুষ্ঠিত এই জনতার দরবারে মজলিশপুর বিধানসভা কেন্দ্রসহ পার্শ্ববর্তী বিভিন্ন বিধানসভা এলাকা এবং রাজ্যের নানা প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ তাঁদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও দাবি-দাওয়া মন্ত্রীর সামনে তুলে ধরেন।
জনগণের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সংশ্লিষ্ট বিষয়গুলির দ্রুত ও কার্যকর সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। তিনি সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধানের উদ্যোগও গ্রহণ করেন।
এদিন মন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য হলো জনগণের কাছে পৌঁছে তাদের সমস্যা সমাধান করা। সেই উদ্দেশ্যেই নিয়মিতভাবে ‘জনতার দরবার’-এর আয়োজন করা হচ্ছে, যাতে সাধারণ মানুষ সরাসরি তাঁদের সমস্যার কথা জানাতে পারেন এবং দ্রুত সমাধান পান।
জনতার দরবারে উপস্থিত জনগণও এই উদ্যোগের প্রশংসা করে জানান, জনপ্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ পাওয়ায় তাঁদের সমস্যার সমাধানের পথ অনেকটাই সহজ হয়েছে।
সরকারের জনমুখী উদ্যোগ হিসেবে ‘জনতার দরবার’ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানা গেছে।
