আগরতলা।। চুরি যাওয়া স্বর্ণালংকার এবং দুটি দামি বাইসাইকেল উদ্ধার করল পূর্ব থানার পুলিশ। একইসঙ্গে বাইসাইকেল চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকালে বনমালীপুর এলাকার বাসিন্দা অরিন্দম দে পূর্ব থানায় অভিযোগ করেন, তাঁর বাড়ি থেকে গলার একটি স্বর্ণের চেইন চুরি হয়েছে। অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পূর্ব থানার পুলিশ। তদন্তকারী অফিসার ঘটনার সূত্র ধরে অরিন্দম দে-র বাড়ির গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়।
এই বিষয়ে পূর্ব থানার ওসি কৃষ্ণধন সরকার জানান, পুলিশ চুরি যাওয়া স্বর্ণালংকারটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণের চেইনটির বাজারমূল্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা। পাশাপাশি, পৃথক চুরি মামলায় দুটি দামি বাইসাইকেলও উদ্ধার করেছে পূর্ব থানার পুলিশ। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।
পূর্ব থানার ওসি আরও জানান, আরও কয়েকটি চুরি যাওয়া বাইসাইকেল উদ্ধারের জন্য পুলিশ তৎপরতা চালাচ্ছে। আগামী এক-দুই দিনের মধ্যেই সেগুলিও উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
