আগরতলা: ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো “গুণী শিক্ষক সংবর্ধনা ও নবীন বরণ উৎসব ২০২৬”। শিক্ষক সমাজের অবদানকে সম্মান জানানো এবং নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের উৎসাহিত করতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এ বছর “বর্ষসেরা টেট শিক্ষক” হিসেবে সম্মানিত করা হয় সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের গুণী শিক্ষক রাজীব দাসকে। সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা ক্ষেত্রে তাঁর উল্লেখযোগ্য কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা প্রদান করা হয়।
পাশাপাশি গুণী শিক্ষক সংবর্ধনা প্রদান করা হয় আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডা. কনক চৌধুরী, ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিক তথা প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচার্য এবং জিরানিয়া মহকুমার বিদ্যালয় পরিদর্শক দেবব্রত মজুমদারকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমা ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তারা, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষানুরাগী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিন ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত নিযুক্ত নবাগত শিক্ষক-শিক্ষিকাদেরও অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত ও সংবর্ধনা জানানো হয়। গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান এবং নবীন শিক্ষক-শিক্ষিকাদের বরণ—এই দুইয়ের সমন্বয়ে অনুষ্ঠানে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সমাজ গঠনে তাঁদের অবদানের কথা তুলে ধরে বক্তারা শিক্ষক সমাজকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে নবীন শিক্ষক-শিক্ষিকাদের আগামী দিনে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য উৎসাহিত করা হয়।
ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ শিক্ষক সমাজের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানান উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা।।
