কুমারঘাট।।রাজ্য সরকারের উদ্যোগে কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শনিবার ছাত্রীদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী ভগবান চন্দ্র দাস।
এদিন বিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের মোট ১৩৯ জন ছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এই উদ্যোগের ফলে দূর-দূরান্ত থেকে বিদ্যালয়ে আসা ছাত্রীদের যাতায়াত আরও সহজ হবে এবং পড়াশোনায় উৎসাহ বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, নারীশক্তিই একটি জাতির উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। আজকের ছাত্রীরাই আগামী দিনের শিক্ষিকা, চিকিৎসক, বিজ্ঞানী, প্রশাসক ও সমাজের নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব। তাই তাদের শিক্ষার পথকে আরও সহজ ও সুগম করতে রাজ্য সরকারের এই সাইকেল বিতরণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, শিক্ষিত ও স্বনির্ভর নারীই একটি শক্তিশালী সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সক্ষম। নারীশিক্ষা, নারীর ক্ষমতায়ন এবং তাদের স্বপ্নপূরণে সকলের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখা প্রয়োজন।
শেষে তিনি সকল ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করে বলেন, “নারীশক্তির জাগরণেই গড়ে উঠবে আত্মনির্ভর, উন্নত ও সমৃদ্ধ ভারত।”
