আগরতলা।। উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত ও সম্মান জানাতে শনিবার মজলিশপুর বিধানসভা কেন্দ্রের উদ্যোগে রানীরবাজার গীতাঞ্জলি হলে অনুষ্ঠিত হলো সংবর্ধনা অনুষ্ঠান।
১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের মন্ত্রী সুশান্ত চৌধুরী-এর ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ। পড়াশোনার পাশাপাশি সুশৃঙ্খল জীবন, কঠোর পরিশ্রম ও মানবিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি। ভবিষ্যতে আরও ভালো ফল করে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করার জন্যও ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন।অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক ও শিক্ষকরাও এই উদ্যোগের প্রশংসা করেন।
কৃতি পড়ুয়াদের সম্মান জানিয়ে তাদের আত্মবিশ্বাস বাড়াতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মত প্রকাশ করা হয়।
