আগরতলা।। সোমবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে ২০২৬-২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন মেয়র দীপক মজুমদার। এবারের বাজেটের মোট আকার ৯৭৫ কোটি ৯১ লক্ষ টাকা।

বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ৯৭ লক্ষ ৬৭ হাজার টাকা। তবে শহরবাসীর উপর কোনও নতুন কর আরোপের প্রস্তাব রাখা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন মেয়র।এদিন মেয়র জানান, পুর নিগমের ইতিহাসে এই প্রথমবার ই-বাজেট পেশ করা হয়েছে। রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকলেও মূলধনী খাতে উন্নয়নমূলক ব্যয় বৃদ্ধির কারণেই সামগ্রিকভাবে এই ঘাটতি তৈরি হয়েছে। তবে উন্নয়নের গতিতে এর কোনও প্রভাব পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি।

বাজেটে শহরের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থায়নের নতুন উৎস হিসেবে ১০০ কোটি টাকার মিউনিসিপ্যাল বন্ড চালুর প্রস্তাবও রাখা হয়েছে। পাশাপাশি কেন্দ্র ও বহিঃসহায়তাপ্রাপ্ত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অব্যাহত রাখার উপর জোর দেওয়া হয়েছে।নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে কর সংগ্রহ ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং অন্যান্য রাজস্ব উৎস সম্প্রসারণের পরিকল্পনাও বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে।

মেয়র দীপক মজুমদার বলেন, এই বাজেট টেকসই নগর উন্নয়ন, আধুনিক অবকাঠামো নির্মাণ এবং উন্নত নাগরিক পরিষেবা নিশ্চিত করার একটি দূরদর্শী রূপরেখা।নতুন কর ছাড়াই উন্নয়নের গতি বজায় রাখার লক্ষ্য নিয়ে আগরতলা পুর নিগমের এই বাজেট কতটা সফল হয়, এখন সেদিকেই নজর শহরবাসীর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *