আগরতলা।। রাজধানীর কুঞ্জবনে অবস্থিত পেনশনার্স আবাস ‘আশ্রয়’ পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক, আবাসনের কর্তৃপক্ষ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে রাজ্যপাল আবাসনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সেখানে বসবাসকারী প্রবীণদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাঁদের শারীরিক সুস্থতা, দৈনন্দিন জীবনযাপন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজখবর নেন। প্রবীণ বাসিন্দারাও নিজেদের অভিজ্ঞতা, চাহিদা এবং বিভিন্ন সমস্যার কথা রাজ্যপালের সামনে তুলে ধরেন।এসময় আবাসনের সার্বিক পরিকাঠামো, স্বাস্থ্যসেবা, খাদ্য ব্যবস্থা, নিরাপত্তা এবং প্রবীণদের কল্যাণে পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন রাজ্যপাল।
তিনি আবাসনের পরিবেশ ও পরিষেবা পর্যবেক্ষণ করেন এবং প্রবীণ নাগরিকদের আরও উন্নত ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনের শেষে রাজ্যপাল উপস্থিত আধিকারিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং প্রবীণদের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর জোর দেন।
