আগরতলা।। রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষু মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য নজির সৃষ্টি করল রাজধানীর এক ক্লাব। রামনগর রোড নম্বর-৩ এলাকার ঐতিহ্যবাহী রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে বুধবার এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
ক্লাবের এই মানবিক উদ্যোগকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।এদিনের এই মহতী শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। অনুষ্ঠানে প্রধান বক্তা তথা সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ ক্লাবের সভাপতি নির্মল বর্ধন রায়সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা যৌথভাবে প্রদীপ প্রজ্জ্বলন করে শিবিরের সূচনা করেন।উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা রামকৃষ্ণ ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বলেন, “রক্তের কোনো বিকল্প হয় না। একটি জীবন বাঁচাতে রক্তদানের ভূমিকা অপরিসীম।” সমাজের বৃহত্তর স্বার্থে এবং রাজ্যের ব্লাড ব্যাংকগুলোর ঘাটতি মেটাতে আগামী দিনে যুবসমাজকে আরও বেশি সংখ্যায় এগিয়ে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মেয়র দীপক মজুমদার তাঁর বক্তব্যে ক্লাবের সদস্যদের সাধুবাদ জানিয়ে বলেন, শহরের প্রতিটি ক্লাব যদি এভাবে সামাজিক দায়িত্বে এগিয়ে আসে, তবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো আরও মজবুত হবে।
ক্লাব সূত্রে জানা গেছে, এদিনের শিবিরে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন। সংগৃহীত রক্ত ব্লাড ব্যাংকের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। ক্লাবের সভাপতি নির্মল বর্ধন রায় রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীদিনেও এই ধরণের জনকল্যাণমুখী কর্মসূচি জারি রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
