আগরতলা ।। ত্রিপুরা অটোরিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলার বটতলাস্থ সিআইটিইউ রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রতি বছরের মতো এবারও শ্রমিক সংগঠনের এই মানবিক কর্মসূচিতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) পলিটব্যুরো সদস্য মানিক সরকার।
শিবিরে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর রাজ্য কমিটির সদস্য অমল চক্রবর্তীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সকাল থেকেই অটো চালক ও শ্রমিকদের মধ্যে রক্তদানে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, রক্তের কোনও বিকল্প নেই এবং সংকটের সময় বিভিন্ন গণসংগঠনকেই এগিয়ে আসতে হয়। সাধারণ শ্রমজীবী মানুষের এই উদ্যোগ সমাজের কাছে এক ইতিবাচক বার্তা বহন করছে বলেও মন্তব্য করেন তিনি।এদিনের শিবির থেকে আরও বেশি মানুষকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বক্তারা বলেন, রাজ্যে রক্তের চাহিদা পূরণে এ ধরনের সামাজিক উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি।
শ্রমিকদের প্রতিষ্ঠা দিবসে শুধুমাত্র সংগঠনের কর্মসূচি নয়, সমাজের প্রয়োজনে এগিয়ে আসার বার্তাও তুলে ধরল এই রক্তদান শিবির। মেহনতি মানুষের অংশগ্রহণে মানবিকতার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত সকলে।
