আগরতলা।। সোমনাথ মন্দিরের নবরূপের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সোমবার রাজধানীর শিব বাড়িতে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয় “সোমনাথ স্বাভিমান পর্ব” উদযাপন অনুষ্ঠান।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের সূচনায় সকালে রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘী থেকে কলসে করে পবিত্র জল সংগ্রহ করা হয়। পরে সুসজ্জিত ও বর্ণাঢ্য র্যালির মাধ্যমে সেই জল শিব বাড়িতে নিয়ে আসা হয়। র্যালিতে অংশ নেন অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষ।
শিব বাড়িতে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা বাবা ভোলানাথের মাথায় সেই পবিত্র জল ঢেলে পূজা-অর্চনা করেন। ধর্মীয় আবহ ও ভক্তিমূলক পরিবেশে এদিনের অনুষ্ঠান ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে সোমনাথ মন্দিরের ঐতিহ্য, সংস্কৃতি ও ভারতীয় আত্মমর্যাদার প্রতীক হিসেবে এর গুরুত্ব তুলে ধরা হয়।আয়োজনে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা সংশ্লিষ্ট আয়োজনের ধর্মীয় এবং ঐতিহাসিক তাৎপর্য সবিস্তারে ব্যাখ্যা করেন।
মুখ্যমন্ত্রী দাবি করেন আজকের সময় থেকে না, মহাভারতের যুগ থেকেই সনাতনী ধর্মের বিভিন্ন বিষয়গুলো আমাদের পথ দেখাচ্ছে। পাশাপাশি আজকের আয়োজনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য হচ্ছে যাবতীয় প্রতিকূলতা, ধ্বংস ইত্যাদিকে অতিক্রম করেই নিজস্ব ছন্দে সনাতনী ধর্মের উপরে ভর করে আমরা এগিয়ে চলেছি , এই দাবি বার বার করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
পাশাপাশি তিনি আজকের এই আয়োজনে সোমনাথ মন্দিরে দাঁড়িয়ে অন্যান্য বিভিন্ন বিদ্বজন দের পাশে নিয়ে আশা প্রকাশ করেন, আগামী দিনে দেশ তথা জাতি এবং রাজ্যের সার্বিক উন্নয়নে সনাতনী ধর্মীয় ভাবধারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
