আগরতলা।। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বন দপ্তরের উদ্যোগে আয়োজিত হয় যুবকদের জন্য এসএইচজি সিড মানি, সিআইজি-জেএলজি ঋণ এবং ড্রাইভিং লাইসেন্স বিতরণ কর্মসূচি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিক, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও উপভোক্তারা।অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয়, ফুলের তোড়া এবং গাছের চারা দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে গাছে জল দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন বনমন্ত্রী।
উদ্বোধনের পর তিনি স্বনির্ভর গোষ্ঠীগুলির প্রদর্শনী স্টলও ঘুরে দেখেন এবং উপভোক্তাদের সঙ্গে কথা বলেন।মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, রাজ্য সরকার যুব সমাজকে আত্মনির্ভর করে গড়ে তুলতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স প্রদান যুবকদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে বলেও তিনি উল্লেখ করেন।তিনি আরও বলেন, রাজ্যে ইতিমধ্যেই প্রায় ৬,৬০০ হেক্টর এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে। পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় শহরাঞ্চলেও ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিতে হবে। বনমহোৎসবের সময় যে গাছগুলি লাগানো হয়, সেগুলির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করার ওপরও বিশেষ জোর দেন তিনি।।
অনুষ্ঠানের শেষে উপভোক্তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সিড মানি, ঋণের নথি এবং ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়। আত্মনির্ভর যুব সমাজ গড়ে তোলা এবং সবুজ পরিবেশ রক্ষায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আশা প্রকাশ করেন উপস্থিতরা।
