আগরতলা।। এখন রক্তদানে এগিয়ে আসছেন নারী-পুরুষ সকলেই। এটি অত্যন্ত ভালো লক্ষণ। বললেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়।
বৃহস্পতিবার ভারতীয় মজদুর সংঘের ৭২ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে সারাদেশে বিএম এস শ্রমিক সংগঠনের উদ্যোগে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। রাজ্যেও এদিন বিএনএস এর ৭২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করে ওএনজিসি এমপ্লয়িজ ইউনিয়ন অফ ত্রিপুরা।
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় সহ বিশিষ্টজনেরা। এদিন উপস্থিত অতিথিরা ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। রক্তদান শিবিরের রক্তদাতাদের সাথে কথা বলে তাদের উৎসাহ প্রদান করেন। এই মেগা রক্তদান শিবিরে বি এম এস এর ৫০ জন সমর্থক রক্ত দান করেন।
অনুষ্ঠান প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় বলেন, ভারতীয় মজদুর সংঘের এই ধরনের সামাজিক কর্মসূচি নতুন কোন ঘটনা নয়।আগেও ছিল, এখনো চলছে। অন্যদিকে ভারতীয় মজদুর সংঘের কর্মী-সমর্থকদের রক্তদান নিয়ে একটি ক্যালেন্ডার তৈরির পরামর্শ দেন তিনি। প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বর্তমান সময়ে সব ধরনের কুসংস্কার কে দূরে ঠেলে পুরুষ এবং মহিলারা রক্তদানে এগিয়ে আসছেন। এটি একটি ভালো লক্ষণ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ভারতীয় মজদুর সংঘের সভাপতি সাধারণ সম্পাদক ওএনজিসি ত্রিপুরার এসেট ম্যানেজার সহ অন্যান্যরা। রক্তদান ঘিরে শ্রমিকদের মধ্যে বেশ উৎসাহ দেখা যায়।
