আগরতলা।।আবারো মানবিক রূপে পশ্চিম জেলার জেলা শাসক। পশ্চিম ত্রিপুরা জেলার কাঞ্চনমালা এলাকার ৩ নং ওয়ার্ডের মৃত পরেশ বিশ্বাসের পরিবারের পাশে দাঁড়ালো জেলাশাসক ডক্টর বিশাল কুমার। জানা গেছে ওই এলাকার পরেশ বিশ্বাস গত এক বছর আগে মারা যান।
পরেশ মারা যাওয়ার পর তার পরিবারে থাকা বৃদ্ধা মা, অসুস্থ স্ত্রী এবং দুই কন্যা সন্তান আর্থিকভাবে একেবারে দুর্বল হয়ে পড়ে কেননা পরিবারে অর্থ উপার্জনকারী একমাত্র ছিলেন পরেশ বিশ্বাস। বর্তমানে পরেশ বিশ্বাসের বৃদ্ধা মা বার্ধক্য জনিত কারণে কাজ করতে পারেন না এবং তার স্ত্রী মনিকা বিশ্বাস অসুস্থ থাকায় মানুষের বাড়িতে কাজ করতে চরম অসুবিধা হচ্ছে তাই পরিবারটি আর্থিক দিক দিয়ে একেবারেই দুর্বল হয়ে পড়ে।
বর্তমানে তাদের এমন পরিস্থিতি তাদের দুবেলা দুমুঠু ভাত জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে তার মধ্যে ছোট দুই কন্যা সন্তানের লেখাপড়ার খরচ। এর আগেও একাধিকবার এই পরিবারের অসহায়ত্বের কাহিনী সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। স্থানীয় সূত্রে খবর পেয়ে পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার মৃত পরেশ বিশ্বাসের বাড়িতে মঙ্গলবার বিকেলে ছুটে আসেন। এদিন জেলাশাসক মৃত পরেশ বিশ্বাসের বৃদ্ধা মা, অসুস্থ স্ত্রী এবং দুই কন্যা সন্তানের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন এবং পরিবারের অসহায়ত্বের কথা শুনেন।
সেদিন জেলাশাসক পরের বিশ্বাসের দুই কন্যা সন্তানের হাতে স্কুলের পোশাক, বই এবং খাতা তুলে দেন। এদিন এই অসহায় পরিবারটি জেলাশাসকের কাছে তাদের সমস্ত অভাব অনটনের কথা তুলে ধরলে জেলাশাসক তাদেরকে সরকারিভাবে সমস্ত ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
তবে এদিন জেলাশাসককে একেবারে কাছে পেয়ে মৃত পরের বিশ্বাসের পরিবার নির্ভয়ে মন খুলে তাদের সমস্ত সমস্যার কথা প্রকাশ করেছেন।
