আগরতলা।। রাজধানীর হাঁপানিয়াস্থিত চৌমুহনী পাড়া এলাকার শিশু মানশ্রী চৌধুরীর স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (এসএমএ) রোগ ধরা পড়েছে, এটি একটি বিরল বংশগত রোগ যা ধীরে ধীরে নড়াচড়া, শ্বাস-প্রশ্বাস এবং দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় পেশীগুলোকে দুর্বল করে দেয়।
এই রোগ থেকে মুক্তি পেতে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী প্রায় ১৮ কোটি টাকা মূল্যের একটি ইঞ্জেকশন প্রয়োগ করতে হবে। কিন্তু মানশ্রীর পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকাতে এই ধরনের কঠিন রোগ থেকে মুক্তি দিতে ১৮ কোটি টাকা মূল্যের ইনজেকশন সংগ্রহ করা দুঃসাধ্য।
সেই কারণে মানশ্রীর পরিবারের পক্ষ থেকে সকল অংশের মানুষের কাছে ছোট্ট শিশুটির জীবন বাঁচাতে আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়। গত কয়েকদিন আগে এই বিষয়ে সংবাদ মাধ্যমের প্রচার করা হয় যাতে সকলে এই ছোট্ট শিশুটির প্রাণ বাঁচাতে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসেন। তারপর থেকেই এক এক করে অনেকেই সাড়া দিয়ে আর্থিক সাহায্য নিয়ে এগিয়ে আসছেন।
আজ রাজধানীর বিশিষ্ট ব্যবসায়ী টিটন দাস হাঁপানিয়াস্থিত মানশ্রীর বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। একজন ব্যবসায়ীর এই মানবিকতা এবং উদারতা সমাজের জন্য এক বিশেষ বার্তা বহন করে।
টিটন দাস আশা প্রকাশ করেন উনার মত আরও অনেকেই এগিয়ে এসে ছোট্ট শিশুটির প্রাণ বাঁচাতে যথাসাধ্য আর্থিক সহায়তা করবেন।
