আগরতলা।। সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে সাত দফা দাবি জানিয়ে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার নিকট স্মারকলিপি প্রদান করল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। বুধবার সংগঠনের প্রতিনিধিরা দপ্তরে উপস্থিত হয়ে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মান ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
স্মারকলিপিতে সাংবাদিকদের নিয়োগপত্র প্রদান, নিয়মিত বেতনক্রম চালু, সাংবাদিকদের জন্য অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যবস্থা ও স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। পাশাপাশি কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধান, পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাংবাদিকদের সামাজিক ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার বিষয়েও দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকদের একটি বড় অংশ নানা সমস্যার মধ্য দিয়ে পেশাগত দায়িত্ব পালন করছেন। অনেক ক্ষেত্রে সাংবাদিকদের যথাযথ নিয়োগপত্র দেওয়া হয় না, নিয়মিত বেতনক্রমের নিশ্চয়তা থাকে না এবং অ্যাক্রেডিটেশন কার্ড পাওয়ার ক্ষেত্রেও নানা জটিলতার সম্মুখীন হতে হয়। ফলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।এদিন সাংবাদিকদের বিভিন্ন দাবি নিয়ে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তার সঙ্গে আলোচনা করেন সংগঠনের নেতৃত্ব।
তাঁরা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের স্বার্থে উত্থাপিত সাত দফা দাবি সরকার ও সংশ্লিষ্ট দপ্তর গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সংগঠনের সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ সাংবাদিকদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরে বলেন, সাংবাদিকরা প্রতিদিন ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার কাজ করেন। অথচ তাঁদেরই অনেক ক্ষেত্রে নিয়োগপত্র, নির্দিষ্ট বেতনক্রম ও পেশাগত স্বীকৃতির মতো মৌলিক বিষয় থেকে বঞ্চিত হতে হয়।
সাংবাদিকদের নিয়োগপত্র, বেতনক্রম, অ্যাক্রেডিটেশন কার্ড এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তিনি আরও বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষায় ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আগামী দিনেও গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের দাবি তুলে ধরবে। সাংবাদিকদের স্বার্থে প্রশাসন ও সরকারের ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠন।
