আগরতলা।। অতি সম্প্রতি পেট্রোপণ্য সহ সিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে। এই মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বিশেষ করে বামপন্থীরা প্রতিনিয়ত প্রতিবাদ সংগঠিত করছে এছাড়াও একটা বিরাট অংশ সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত প্রতিবাদ সংগঠিত করে চলেছে।
একই রকম ভাবে আজ সিপিআইএম সদর মহকুমা কমিটির পক্ষ থেকে আগরতলায় সংশ্লিষ্ট বিষয়ে এক বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়। এই কর্মসূচির অঙ্গ হিসেবে বিক্ষোভ মিছিল সহ সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। ভালো সংখ্যক কর্মী সমর্থকদের সামনে কর্মসূচি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক অমল চক্রবর্তী দাবী করেছেন এই সময়ের মধ্যে দেশের সরকার প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের দ্রব্যমূল্য বৃদ্ধির মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবিকার সামনে প্রশ্ন তৈরি করছে।
তিনি অভিযোগ করেন সম্পূর্ণ পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন রাজ্যগুলোর সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের পর্ব মিটে যাওয়ার পর পরিকল্পনা করে বিজেপি পরিচালিত সরকার মূল্য বৃদ্ধি করে চলেছে। এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত সহ সার্বিকভাবে যেভাবে দ্রব্যমূল্যে বৃদ্ধি ঘটে চলেছে এই বিষয়টা আক্ষরিক অর্থে আর্থসামাজিক ব্যবস্থার উপরে প্রভাব বিস্তার করে এই দাবি তুলে সিপিআইএম নেতা গোটা বিষয়ে সাধারণ মানুষকে সম্মিলিতভাবে প্রতিবাদী হওয়ার আহ্বান রাখেন।
