আগরতলা।। অন্যান্য বারের মতো এবারেও ভারত ছাড় আন্দোলন দিবস পালন করলো প্রদেশ কংগ্রেস। জাতির জনক মহাত্মা গান্ধী ৯ই আগস্ট ১৯৪২ সালে ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন।
ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রবিবার কংগ্রেস ভবনের সামনে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তারপর একে একে দলীয় পতাকা থেকে শুরু করে শাখা সংগঠনের পতাকা উত্তোলন করেন অন্যান্য নেতৃত্ব।
এরপর স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্ব ও শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদান ও আত্মত্যাগকে স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত দলীয় নেতা কর্মীরা। পরে হাতে জাতীয় পতাকা নিয়ে কংগ্রেস ভবন থেকে পদযাত্রা করে গান্ধীঘাটের শহীদ বেদীর উদ্দেশ্যে রওনা হন কংগ্রেসের নেতা-কর্মীরা। সেখানে পৌঁছে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিধায়ক সুদীপ রায় বর্মন এই দিনটি পালনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। ভারত ছাড়ো আন্দোলনের চেতনা ও স্বাধীনতা সংগ্রামের আদর্শকে সামনে রেখে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক মূল্যবোধ রক্ষার বার্তাই এদিনের কর্মসূচির মাধ্যমে তুলে ধরেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব।
