আগরতলা।। আগামীকাল থেকে আগরতলার টাউন বড়দোয়ালি মণ্ডলে শুরু হতে চলেছে বিজেপির “পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাঅভিযান ২০২৬”-এর বিশেষ প্রশিক্ষণ বর্গ। দু’দিন একরাত্রির এই কর্মসূচিতে অংশ নেবেন বুথ থেকে রাজ্য স্তরের বিজেপি কার্যকর্তারা।
প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান বিজেপির মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী।সুব্রত চক্রবর্তী জানান, সংগঠনকে আরও শক্তিশালী, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শভিত্তিক করে গড়ে তুলতেই এই প্রশিক্ষণ মহাঅভিযানের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী কার্যকর্তাদের বিভিন্ন সাংগঠনিক, রাজনৈতিক ও আদর্শগত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
বুথ ব্যবস্থাপনা, জনসংযোগ, নির্বাচনী প্রস্তুতি, সামাজিক মাধ্যমের কার্যকর ব্যবহার, কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্প এবং দলের আদর্শ সম্পর্কেও বিস্তারিত আলোচনা হবে বলে জানান তিনি।তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ শিবিরকে সম্পূর্ণ মনোনিবেশমূলক ও শৃঙ্খলাপূর্ণ রাখতে বেশ কিছু বিশেষ নিয়ম চালু করা হয়েছে। প্রশিক্ষণ চলাকালীন মোবাইল ফোন ও প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেক কার্যকর্তার জন্য রাত্রিযাপন বাধ্যতামূলক করা হয়েছে, যাতে সকলে পূর্ণ সময় ধরে প্রশিক্ষণে অংশ নিতে পারেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের ডিজিটাল সার্টিফিকেটও প্রদান করা হবে বলে জানান তিনি।
বিজেপি নেতৃত্বের দাবি, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে তৃণমূল স্তরের কার্যকর্তাদের দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। আগামী দিনে সংগঠন সম্প্রসারণ এবং রাজনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও মত দলের নেতাদের।
