আগরতলা।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনকালের ১২ বছর পূর্তি উপলক্ষে বিজেপির প্রচারকে কড়া ভাষায় আক্রমণ করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।

রবিবার এক প্রেস বিবৃতিতে দলের মুখপাত্র প্রবীর চক্রবর্তী দাবি করেন, মোদী সরকারের সাফল্যের প্রচার বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং গত এক দশকের বেশি সময়ে দেশের অর্থনীতি, কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক পরিস্থিতির অবনতি ঘটেছে।কংগ্রেসের অভিযোগ, কালো টাকা ফেরত আনা, কর্মসংস্থান বৃদ্ধি ও উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, তার অধিকাংশই পূরণ হয়নি।

পাশাপাশি জিএসটি, নোটবন্দি, কৃষক আন্দোলন, প্রশ্নপত্র ফাঁস, নারী নিরাপত্তা এবং ডিজিটাল জালিয়াতির মতো বিষয় তুলে ধরে কেন্দ্র সরকারের সমালোচনা করা হয়।প্রেস বিবৃতিতে ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর শাসনকাল এবং তাঁর বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করে বর্তমান সরকারের সঙ্গে তুলনা টানা হয়। কংগ্রেসের দাবি, নেহেরুর সময়ে শিল্পায়ন, শিক্ষা ও বৈজ্ঞানিক পরিকাঠামোর যে ভিত্তি গড়ে উঠেছিল, তা দেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এছাড়াও ত্রিপুরার সাম্প্রতিক বিভিন্ন ঘটনা, বিশেষ করে শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত এক যুবতীর মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়েছে। কংগ্রেসের বক্তব্য, গুরুত্বপূর্ণ ঘটনাগুলিতে সত্য উদঘাটনের স্বার্থে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা উচিত।

মোদী সরকারের ১২ বছর পূর্তি ঘিরে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। কংগ্রেসের এই বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *