আগরতলা।।বিজেপির শাসনে পশ্চিমবঙ্গ ভালো নেই। বঙ্গে বিজেপির তিন মাস বয়সী সরকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে গিয়ে এমনটাই জানালেন পশ্চিমবঙ্গের প্রাক্তন বাম মন্ত্রী কান্তি গাঙ্গুলী। শনিবার ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের উদ্যোগে আয়োজিত তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে যোগ দিতে আগরতলায় আসেন তিনি। ত্রিপুরার মাটিতে পা রেখে আগরতলা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে তারা কত বড় ভুল করেছে। মানুষ এখন বুঝতে পারছে, বঙ্গে বামফ্রন্টের শাসনের সময় তারা ভালো ছিল। পাশাপাশি কেন্দ্রে ও রাজ্যে বিজেপি সরকার থাকলেও প্রতিবন্ধীদের আইন চালুর ক্ষেত্রে কেন অনীহা দেখাচ্ছে সরকার, তা বোঝা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি প্রতিবন্ধীদের জন্য আইন চালু করার ক্ষেত্রে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামের আহ্বান জানান।
বিজেপি শাসনে ভালো নেই বাংলা, আগরতলায় এসে তোপ প্রাক্তন বাম মন্ত্রী কান্তি গাঙ্গুলীর
