আগরতলা।। আসন্ন আগরতলা পুর নিগম নির্বাচনকে সামনে রেখে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। গোটা রাজ্যের পাশাপাশি প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডেই বিজেপির জয় নিশ্চিত বলে দাবি করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

শুধু জয় নয়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বিজেপি আগরতলা পুর নিগমের ক্ষমতায় ফিরবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার প্রতাপগড়ের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এই আত্মবিশ্বাসের কথাই শোনালেন মন্ত্রী।প্রচারের ময়দানে কোনও রকম খামতি রাখতে চাইছে না বিজেপিও। মঙ্গলবার ১৩ নম্বর প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে একাধিক নির্বাচনী কর্মসূচিতে অংশ নেন রাজ্যের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালানোর পাশাপাশি ভোটারদের কাছে বিজেপির পক্ষে সমর্থন আদায়ের আহ্বান জানান তিনি।নির্বাচনী কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী দাবি করেন, গোটা রাজ্যেই বিজেপির পক্ষে অনুকূল নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। আগরতলা পুর নিগমের প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডেও বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী।বিরোধীদের রাজনৈতিক অবস্থান নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি সুশান্ত চৌধুরী। তাঁর দাবি, বিরোধীরা বর্তমানে ছন্নছাড়া। নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা নানা চেষ্টা চালাচ্ছে।

তবে বিরোধীদের সমস্ত অপচেষ্টা পুরবাসীই প্রতিহত করবেন বলে মন্তব্য করেন তিনি।সব মিলিয়ে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক তরজা। এখন মন্ত্রীর এই জোরালো দাবি বাস্তবে কতটা প্রতিফলিত হয়, তার উত্তর মিলবে আগামী ২৭ নভেম্বরের ভোটবাক্সেই। প্রতাপগড়ের আটটি ওয়ার্ডে শেষ হাসি কে হাসবে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *