কমলপুর।। পুরভোটের দামামা বাজতেই রাজনৈতিক সংঘাতের অভিযোগে উত্তপ্ত কমলপুর! অভিযোগ, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন কমলপুর সিপিআইএম পার্টি অফিস থেকে দলীয় প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে মিছিল করে রওনা দেন বাম কর্মী-সমর্থকেরা।

কিন্তু পার্টি অফিস থেকে মাত্র ১০০ মিটারের মধ্যেই নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে অভিযোগ।হামলায় রক্তাক্ত হন একাধিক বাম কর্মী-সমর্থক। গুরুতর আহত অবস্থায় মোট পাঁচজনকে নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সিআইটিইউ মহকুমা সম্পাদক দেবাশিস দাস এবং কর্মী সুশীল দেববর্মা। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এই ঘটনায় বাম নেতৃত্বের অভিযোগ, আসন্ন পুর ভোটকে সামনে রেখে বিরোধীদের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পরিকল্পিতভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। পরাজয়ের আশঙ্কা থেকেই বিরোধী কণ্ঠরোধের চেষ্টা চালানো হচ্ছে বলেও দাবি সিপিআইএম নেতৃত্বের।মনোনয়ন জমার প্রথম দিনেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে নির্বাচনের বাকি দিনগুলিতে নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ কতটা বজায় থাকবে, তা নিয়ে উঠছে প্রশ্ন।


এদিকে রক্তক্ষয়ী হামলার অভিযোগকে কেন্দ্র করে থমথমে কমলপুর শহর। গোটা ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *