আগরতলা : ত্রিপুরার বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ পশ্চিমবঙ্গের শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে যোগ দিয়েছেন।
সেখানে তিনি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করে আগামী বিধানসভা নির্বাচনে জয়লাভের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন।বিদ্যুৎ মন্ত্রী, বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর সমর্থনে কার্যকর্তাদের সঙ্গে ভোটের কৌশল, বুথ ম্যানেজমেন্ট ও জনসংযোগ কর্মসূচি নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করেন। বৈঠকে কর্মীদের উদ্যম ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন তিনি।পরে মন্ত্রী বলেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মধ্যে যে উচ্ছ্বাস ও পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখছি, তা সত্যিই আশাব্যঞ্জক।
তিনি বলেন বাংলার মানুষ এবার উন্নয়নের পথেই এগোতে প্রস্তুত। আমার দৃঢ় বিশ্বাস, এই উৎসাহই বঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করবে।তিনি অভিযোগ করে বলেন পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কেবল ভয় ও প্রচারের রাজনীতি করছে। কিন্তু এখন ভোটাররা অনেক বেশি সচেতন। তাঁরা আর এসব প্রচারে প্রভাবিত হচ্ছেন না। এলাকায় পরিবর্তনের একটি স্পষ্ট ঢেউ দেখা যাচ্ছে এবং জনমত ক্রমশ বিজেপির দিকেই ঝুঁকছে।
ত্রিপুরার ডাবল ইঞ্জিন সরকারের সাফল্যের কথা উল্লেখ করে মন্ত্রী নাথ বলেন, ত্রিপুরায় ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার রাজ্যের উন্নয়নে নিরলস কাজ করে চলেছে। পশ্চিমবঙ্গেও সেই ধরনের উন্নয়নমুখী সরকার গঠনের জন্য আমি জনতার কাছে আহ্বান জানাই।
