ওয়েব ডেস্ক জনদর্পন।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে আজ উদ্বোধন হলো ভারতের প্রথম স্বদেশি প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেনচালিত ট্রেনের।
হরিয়ানার জিন্দ থেকে সোনেপত রুটে চলবে এই ট্রেন, যা প্রায় ৯০ কিলোমিটারের পথ অতিক্রম করবে প্রায় দুই ঘণ্টায়।১০টি কোচ নিয়ে গঠিত এই ট্রেনটি পথে মোট ১১টি স্টেশনে থামবে। যাত্রীদের জন্য রয়েছে স্বয়ংক্রিয় দরজা, শীতাতপ নিয়ন্ত্রিত কোচ, আরামদায়ক আসনসহ একাধিক আধুনিক সুবিধা। এই ট্রেনে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি।
হাইড্রোজেন ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়, যা ট্রেনের মোটর চালায়। এই প্রক্রিয়ায় উপজাত হিসেবে তৈরি হয় শুধু জলীয় বাষ্প, ফলে কার্বন নিঃসরণ প্রায় শূন্য।এর ফলে ডিজেলচালিত ট্রেনের মতো বায়ুদূষণ বা শব্দদূষণ হয় না। একই সঙ্গে প্রচলিত বৈদ্যুতিক ট্রেনের মতো ওভারহেড তারেরও প্রয়োজন পড়ে না।
৩,২০০ হর্সপাওয়ারের শক্তিশালী প্রপালশন সিস্টেম এবং ২,৪০০ কিলোওয়াট ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এই ট্রেনে। সর্বোচ্চ ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম হলেও বাণিজ্যিক পরিষেবায় ট্রেনটির গতি থাকবে ঘণ্টায় ৭৫ কিলোমিটার।
প্রায় ২,৬০০ যাত্রী বহনের ক্ষমতাসম্পন্ন এই ট্রেন বিশ্বের দীর্ঘতম হাইড্রোজেনচালিত যাত্রীবাহী ট্রেনগুলির অন্যতম।এই প্রকল্পের মাধ্যমে জার্মানি-সহ কয়েকটি উন্নত দেশের পর হাইড্রোজেন ট্রেন পরিষেবা চালু করা দেশগুলির তালিকায় যুক্ত হলো ভারত। পরিবেশবান্ধব, আধুনিক এবং স্বনির্ভর রেলব্যবস্থার পথে এটি দেশের এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
