আগরতলা।। পুর নির্বাচনকে ঘিরে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। আগামী ২৭ নভেম্বর তেলিয়ামুড়া পৌর পরিষদের নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর ওয়ার্ডে প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির।
বিজেপি মনোনীত প্রার্থী অপর্ণা শীলের সমর্থনে ৩৫ নম্বর বুথে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে শামিল হলেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। সঙ্গে ছিলেন প্রার্থী অপর্ণা শীল, বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ, বিভিন্ন মোর্চার কার্যকর্তা এবং দলীয় কর্মী-সমর্থকরা।বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন বিধায়িকা। তুলে ধরেন গত পাঁচ বছরের কাজের খতিয়ান।
বিজেপির দাবি, জনসম্পর্ক অভিযানে সাধারণ মানুষের কাছ থেকে মিলেছে ব্যাপক সাড়া। এই সাড়াতেই জয়ের স্বপ্ন আরও জোরালো গেরুয়া শিবিরের।জনসম্পর্ক অভিযান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত কাউন্সিলর হিসেবে অপর্ণা শীল সর্বদা মানুষের পাশে থেকেছেন। এলাকার উন্নয়নে কাজ করেছেন।
সেই কাজের প্রতিফলনই এবার ভোটের ময়দানে দেখা যাবে বলে তাঁর দাবি।বিধায়িকার কথায়, “মেরা বুথ সবচেয়ে মজবুত”—শুধু স্লোগান নয়, ৩৫ নম্বর বুথে এসে তার বাস্তব প্রতিফলন অনুভব করছেন তাঁরা। বুথ সভাপতি থেকে শুরু করে দলীয় কার্যকর্তারা সারা বছর মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তাই এবারও বিপুল ভোটে অপর্ণা শীল জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী তিনি।
অন্যদিকে বিরোধীদের প্রসঙ্গে বিধায়িকার বক্তব্য, গণতন্ত্রে বিরোধী দল থাকা জরুরি। তাঁরা বিরোধীদের অস্তিত্ব চান। তবে তেলিয়ামুড়ায় মনোনয়ন জমা দেওয়ার সময় কোনও ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়নি বলেও দাবি করেন তিনি।১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি বিধায়িকা। তাঁর বক্তব্য, প্রার্থী এবং তাঁর স্বামী এলাকার মানুষের জন্য কতটা দায়িত্ব পালন করেছেন, তা জনগণই বিচার করবেন।
সবশেষে কল্যাণী সাহা রায়ের আত্মবিশ্বাসী ঘোষণা—পাঁচ বছর মানুষের পাশে থেকেছে বিজেপি, আগামী দিনেও মানুষের জন্য কাজ করতে চায় দল। বিরোধীরা থাকবেন, কিন্তু জয়ের শেষ হাসি হাসবেন বিজেপি প্রার্থী অপর্ণা শীলই। এখন দেখার, বিধায়িকার এই আত্মবিশ্বাস ২৭ নভেম্বর ভোটের বাক্সে কতটা প্রতিফলিত হয়!
