আগরতলা।। পুজোর মুখে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মুখে হাসি ফোটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের।মন্ত্রিসভার বৈঠকে ৩ শতাংশ ডিএ এবং ৩ শতাংশ ডিআর বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে এই সিদ্ধান্ত।মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের আর্থিক সক্ষমতা সীমিত হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের স্বার্থে সরকার আন্তরিক।এই ডিএ এবং ডিআর বৃদ্ধির ফলে রাজ্য সরকারের আর্থিক বোঝা বাড়বে প্রায় ৩০০ কোটি টাকা।তবে চলতি অর্থবছরে, ১ অক্টোবর থেকে কার্যকর হওয়ায় অতিরিক্ত খরচ হবে প্রায় ১২৫ কোটি টাকা।
তবে ডিএ-ডিআর বাড়লেও কেন্দ্রীয় সরকারের সঙ্গে এখনও ব্যবধান থাকছে ১৬ শতাংশ।মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, সেই ব্যবধানও ধীরে ধীরে কমিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার।শুধু ডিএ-ডিআর নয়, দ্বিতীয় সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের জন্য আরও বড় স্বস্তি।এবার থেকে রাজ্য সরকারের নিয়মিত কর্মচারীরা বেসিকের ১০ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা, অর্থাৎ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত পাবেন।
এর আগে বেসিকের ৮ শতাংশ হারে সর্বোচ্চ ৩ হাজার টাকা বাড়ি ভাড়া ভাতা পাওয়া যেত।নতুন সিদ্ধান্তে সেই সীমা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হলো।নতুন এই হাউস রেন্ট অ্যালাউন্সও কার্যকর হবে ১ অক্টোবর ২০২৬ থেকে।এর ফলে রাজ্য সরকারের অতিরিক্ত বার্ষিক আর্থিক ব্যয় হবে প্রায় ১৪১ কোটি ৯৬ লক্ষ টাকা।
পুজোর আগেই সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য রাজ্য সরকারের জোড়া উপহার—ডিএ-ডিআর বৃদ্ধি, সঙ্গে বাড়ল হাউস রেন্ট অ্যালাউন্সও।
