আগরতলা।। রাখি বন্ধন উৎসব ঘিরে বাজারে বেবসায়ীরা ছোট, বড় ও মাঝারি বিভিন্ন ধরণের রঙ্গিন রাখির পসরা সাজিয়ে বসেছেন । ভাই-বোনের পবিত্র বন্ধনের এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরে রাখির ব্যাপক যোগান দেখা যায় ।
তবে অন্যান্য বছরের তুলনায় এ বছর রাখির চাহিদা অনেকটাই কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতি বছর রাখি পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব সাড়ম্বরে পালিত হয়। বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে দেন। ভাইরাও বিভিন্ন বিপদ আপদ থেকে বোনদের রক্ষা করার প্রতিশ্রুতি দেন। অনেকে আবার আরাধ্য দেবতাকেও রাখি পরান। দ্বাপর যুগ থেকে এই প্রথা প্রচলিত বলে জানা যায়। তবে বঙ্গ ভঙ্গ আন্দোলনের সময় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে রাখি বাঁধন উৎসব চালু করে এর ব্যাপক প্রচলন করেছিলেন।
এখন বাজারে এসেছে অত্যাধুনিক রাখি। বিভিন্ন দোকানে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাখি পূর্ণিমা উৎসব। তবে বেবসাহীদের অনেকের অভিমত, প্রতি বছর রাখি পূর্ণিমার আগে বাজারে শিশু-কিশোরদের ভিড় দেখা গেলেও এ বছর সেই চিত্র অনেকটাই বদলে গেছে । বিশেষ করে স্কুলগড়ুয়া ছেলে-মেয়েদের মধ্যে রাখি কেনার আগ্রহ কমেছে। এর অন্যতম কারণ হিসেবে মোবাইল ফোনের প্রতি শিশু-কিশোরদের অতিরিক্ত আসক্তিকে দায়ী করছেন তারা।
ব্যবসায়ীদের আক্ষেপ , অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন ধরনের রাখি নিয়ে দোকান সাজিয়ে বসেছেন। কিন্তু বিক্রি আশানুরূপ হচ্ছে না। মোবাইলের যুগে ছেলে-মেয়েদের মধ্যে রাখির প্রতি আগ্রহ কমে যাওয়ায় ব্যবসায় বড় ধাক্কা লেগেছে বলে অভিমত অনেকের ।
কিছু অভিভাবক টুকটাক রাখি কিনতে এলেও সামগ্রিকভাবে বাজারে ক্রেতার সংখ্যা কম। রাখি পূর্ণিমা ঘিরে উৎসবের আমেজ থাকলেও মোবাইল কেড়ে নিয়েছে উচ্বাস ও বেচাকেনার জোয়ার ।
