আগরতলা।। জাতীয় সড়ক নির্মাণ কাজে কেন্দ্র ও রাজ্য সরকারের চরম গাফিলতির অভিযোগ তুলে পশ্চিম ত্রিপুরার সুবল সিং এলাকায় জাতীয় সড়কে বিক্ষোভ প্রদর্শন করল সিপিআই(এম)।

এদিন দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস, মোহনপুর মহকুমা সম্পাদক সুদীপ দেবনাথ, বিধায়ক নয়ন সরকার সহ অন্যান্যরা।বিক্ষোভসভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জাতীয় সড়কের নির্মাণ কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। বহু জায়গায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে বলেও তাঁদের দাবি।

পাশাপাশি একাধিক অংশে দীর্ঘ সময় ধরে কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন অফিসযাত্রী, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষকে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ধুলোবালি, যানজট, কাদামাটি এবং ভাঙাচোরা রাস্তার কারণে প্রায়শই দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ তোলেন তাঁরা।বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে জাতীয় সড়ক নির্মাণের ক্ষেত্রে উদাসীনতার অভিযোগ এনে তীব্র সমালোচনা করেন।

তাঁদের বক্তব্য, বারবার দাবি জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। অবিলম্বে জাতীয় সড়কের সমস্ত অসমাপ্ত কাজ দ্রুত শেষ করা, নিম্নমানের নির্মাণের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করা এবং সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার দাবি জানান সিপিআই(এম) নেতৃত্ব।

একই সঙ্গে দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *