আগরতলা: পুরনো জেল সংলগ্ন এলাকায় সোমবার আগরতলা পুর নিগমের ২২ নম্বর ওয়ার্ডের নতুন ওয়ার্ড অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, ২২ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর তথা মেয়র ইন কাউন্সিল হিমানি দেববর্মা-সহ পুর নিগমের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।পুর নিগম সূত্রে জানা গেছে, আগরতলা পুর নিগমের অধীনে থাকা মোট ৫১টি ওয়ার্ডেই ধাপে ধাপে আধুনিক ওয়ার্ড অফিস গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলির পরিবর্তে নতুন ভবন তৈরি করে সেখানে নাগরিক পরিষেবা আরও সহজে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
প্রসঙ্গত উল্লেখ্য ৫১টি ওয়ার্ডেই নতুন ওয়ার্ড অফিস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে ১৫টি ওয়ার্ড অফিসের নির্মাণকাজ সম্পূর্ণ হয়েছে। বাকি ওয়ার্ডগুলিতেও পর্যায়ক্রমে নির্মাণকাজ এগিয়ে নেওয়া হবে।এরই ধারাবাহিকতায় ২২ নম্বর ওয়ার্ডের নতুন অফিস ভবনের কাজের জন্য প্রায় ৪৩.৩০ লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে।
