আগরতলা।। আগরতলায় গ্রেপ্তার কুখ্যাত বাংলাদেশি সন্ত্রাসী শ্যামল কান্তি চাকমা ওরফে তরু, জাল আধার কার্ডে নাম বিজয় চাকমারাজধানী আগরতলায় পুলিশের বড় সাফল্য। কুখ্যাত বাংলাদেশি সন্ত্রাসী শ্যামল কান্তি চাকমা ওরফে তরুকে গ্রেপ্তার করেছে এনসিসি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত এই সন্ত্রাসী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি বা পিসিজেএসএস-এর একজন গুরুত্বপূর্ণ অস্ত্র কমান্ডার। সোমবার গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পিসিজেএসএস-এর কয়েকজন ক্যাডার আগরতলার হেরিটেজ পার্কে একটি গোপন বৈঠক করছে। সেই খবর পেয়েই এনসিসি থানার পুলিশ সেখানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী মিথান চাকমা এবং জ্যোতিষ্মান চাকমা ওরফে বুলবুল পালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু পুলিশ হাতেনাতে আটক করে শ্যামল কান্তি চাকমাকে।জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভারতে অনুপ্রবেশের পর নিজের আসল পরিচয় গোপন করার জন্য সে জাল ভারতীয় আধার কার্ড বানিয়েছিল।
আধার কার্ডে তার নাম রয়েছে বিজয় চাকমা। এই ভুয়ো পরিচয়েই সে আগরতলায় ঘাঁটি গেড়ে বসেছিল।তাকে জিপি আউটপোস্টে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আর কারা জড়িত এবং রাজ্যে তাদের কী পরিকল্পনা ছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। পলাতক দুজনের খোঁজে তল্লাশি চলছে।
