আগরতলা, ৪ আগষ্ট: রাজ্যের অন্যতম প্রধান উৎসব তথা জনজাতিদের ঐতিহ্যবাহী কের পূজায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
মঙ্গলবার রাজবাড়ি প্রাঙ্গণে ধর্মীয় রীতিনীতি মেনে কের পূজার আয়োজন করা হয়।
আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পূজা হলো বাস্তু দেবতার পূজা।
তিনি বলেন, রাজ্যবাসীকে মহামারি, প্রাকৃতিক দুর্যোগ, অশুভ শক্তি ও বিপদ-আপদ থেকে রক্ষা এবং সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা এই পূজার মূল উদ্দেশ্য।
তিনি আরো বলেন, কের পূজা চলাকালীন নির্ধারিত এলাকার চারদিকে গণ্ডি টানা হয়। এই সময় গণ্ডির ভেতরে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে রাজন্য আমলের স্মৃতি বিজড়িত ও জনজাতিদের বিভিন্ন ঐতিহ্যবাহী পূজার প্রতি সন্মান প্রদর্শন করা হচ্ছে।
এদিন সকলকে শুভেচ্ছা জানিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, “সবকা সাথ, সবকা বিকাশ” মন্ত্রকে সামনে রেখে সকলে একসাথে মিলেমিশে থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সাথে কের পূজায় অংশগ্রহণ করেন বিধায়ক তথা বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় ও অন্যান্যরা।
