আগরতলা।। আগরতলার ঐতিহ্যবাহী জগন্নাথ বাড়ি থেকে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো উল্টো রথযাত্রা। নির্ধারিত সময়ে পূজা-অর্চনা, মঙ্গল আরতি ও বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথ টেনে নিয়ে যান হাজার হাজার ভক্ত।
রথের রশিতে একবার হাত রাখলেই জীবনে শুভ ফল লাভ হয়—এই বিশ্বাসকে সামনে রেখে নারী, পুরুষ, শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষের ঢল নামে জগন্নাথ বাড়ি প্রাঙ্গণে।উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই আগরতলা শহরে উৎসবের আবহ তৈরি হয়। ঢাক, করতাল, শঙ্খধ্বনি, হরিনাম সংকীর্তন এবং ভক্তিমূলক সঙ্গীতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
ঐতিহ্যবাহী শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সদস্যরাও। রথের দুই পাশে ভক্তদের দীর্ঘ সারি, আর ভগবান জগন্নাথের এক ঝলক দর্শনের আশায় মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।প্রতি বছরের মতো এবারও উল্টো রথ উপলক্ষে জগন্নাথ বাড়িতে বিশেষ প্রসাদ বিতরণ এবং নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা পূজা-অর্চনায় অংশ নিয়ে পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং রাজ্যের সার্বিক মঙ্গল কামনা করেন।
উল্টো রথযাত্রাকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ ও ট্রাফিক কর্মীরা শোভাযাত্রার পুরো পথজুড়ে দায়িত্ব পালন করেন, যাতে ভক্তদের কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে না হয়।
শতাব্দী প্রাচীন এই উল্টো রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, এটি ত্রিপুরার সম্প্রীতি, ঐতিহ্য ও সংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ প্রতীক। প্রতিবছরের মতো এবারও বিপুল জনসমাগম এবং ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগরতলার জগন্নাথ বাড়ির উল্টো রথযাত্রা হয়ে উঠেছে এক অনন্য ধর্মীয় মিলনোৎসব।
