আগরতলা।। আগরতলার টাউন হলে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝরনা দেববর্মা, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তপন কুমার দাস এবং পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক।মন্ত্রী টিঙ্কু রায়সহ উপস্থিত বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি, মাদকদ্রব্যের বর্তমান পরিস্থিতি এবং এই সমস্যা মোকাবিলায় রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে মাদক দমন শাখা (অপরাধ শাখা)-এর পক্ষ থেকে একটি বিস্তারিত উপস্থাপনা করা হয়। অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হয়ে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার এবং সমাজের ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি।টিঙ্কু রায় আরও জানান, রাজ্য সরকার মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির ওপরও সমান গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানের মাধ্যমে উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
