আগরতলা।। ত্রিপুরা নার্সিং কাউন্সিলের নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।
প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানান১০ জুলাই ২০২৬ তারিখে জারি করা নোটিশ নং NO-4(233) TNCL 2024/575-77 অনুযায়ী ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত সকল নার্সকে অতি দ্রুত তাঁদের নিবন্ধন সংক্রান্ত তথ্য হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। অত্যন্ত স্বল্প সময়সীমার মধ্যে এই নির্দেশ জারি করায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তীব্র নিন্দা জানাচ্ছে।
তিনি বলেন রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না পাওয়ায় বহু নিবন্ধিত নার্স জীবিকার তাগিদে রাজ্যের বাইরে বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমে কর্মরত রয়েছেন। বর্তমান সময়ে যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিমান, রেলসহ অন্যান্য পরিবহনের ভাড়া বেড়ে যাওয়ায় স্বল্প সময়ের মধ্যে ত্রিপুরায় এসে তথ্য হালনাগাদ করা তাঁদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল।এছাড়াও, কর্মরত নার্সদের পক্ষে এত অল্প সময়ের নোটিশে হাসপাতাল বা নার্সিংহোম থেকে ছুটি নেওয়াও প্রায় অসম্ভব।
ফলে বহু নিবন্ধিত নার্স নির্ধারিত সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন না।এই পরিস্থিতি বিবেচনা করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস ত্রিপুরা নার্সিং কাউন্সিলের নিকট জোরালোভাবে দাবি জানাচ্ছে যে, নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য অনলাইন ব্যবস্থার অবিলম্বে চালু করা হোক অথবা পর্যাপ্ত সময়সীমা বৃদ্ধি করা হোক, যাতে রাজ্যের বাইরে কর্মরত নার্সরাও কোনো অসুবিধা ছাড়াই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
ত্রিপুরা নার্সিং কাউন্সিল নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য সময়সীমা বৃদ্ধি করলে উপকৃত হবে বহির রাজ্যে অবস্থানরত নার্সরা।।
