ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ জুন।। ত্রিপুরার ক্রিকেটের বুনিয়াদি স্তরের মানোন্নয়ন এবং জুনিয়র ক্রিকেটারদের উৎসাহিত করতে এক মহতী উদ্যোগ নিল ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ।
মঙ্গলবার, আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১ নম্বর হল-এ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের জুনিয়র ক্রিকেটারদের (বালক ও বালিকা) হাতে মোট ১০৮টি ক্রিকেট কিট ব্যাগ ও ক্রীড়া সরঞ্জাম তুলে দেওয়া হয়। একই সঙ্গে টিসিএ-র অধিভুক্ত সমস্ত মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে মাঠের প্রয়োজনীয় সরঞ্জামও প্রদান করা হয়েছে।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে সাড়া দিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের সিএসআর ফান্ডের অধীনে জুনিয়র ক্রিকেটারদের জন্য ১০০টি ক্রিকেট কিট ব্যাগ এবং ক্রীড়া সরঞ্জাম স্পন্সর করেছে, যা সরবরাহ করেছে খ্যাতনামা স্পোর্টস কোম্পানি ‘এসজি’।
সনাতন হিন্দুধর্ম অনুসারে ১০৮ সংখ্যাটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সেই বিষয়টিকে মাথায় রেখে টিসিএ কর্তৃপক্ষ মোট ১০৮টি কিট ব্যাগ বিতরণের সিদ্ধান্ত নেয়। এসবিআই-এর দেওয়া ১০০টি ব্যাগের পাশাপাশি বাকি ৮টি জুনিয়র ক্রিকেট কিট ব্যাগ ও সরঞ্জাম টিসিএ নিজস্ব তহবিল থেকে সরবরাহ করেছে।এদিনের বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বলন, জাতীয় সংগীত, জাতীয় স্তোত্র এবং একটি জনপ্রিয় সাংস্কৃতিক দলের উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে।
মঞ্চে উপস্থিত অতিথিদের বরণ ও উপহার প্রদানের পর স্বাগত ভাষণ দেন টিসিএ-র সচিব সুব্রত দে। এরপর বক্তব্য রাখেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিজিওনাল ম্যানেজার দেবাশিস চন্দ্র দাস এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে রাজ্যের ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে টিসিএ এবং এসবিআই-এর এই যৌথ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসবিআই-এর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কৈজাম রবিকুমার সিং, টিসিএ-র সহ-সভাপতি উপানন্দ দেববর্মা এবং কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী। সভার সমাপ্তি ঘটে টিসিএ-র সভাপতি তপন লোধের সমাপনী ভাষণের মধ্য দিয়ে।অ
নুষ্ঠানে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বিভিন্ন বিভাগে কিট ব্যাগ ও সরঞ্জাম বণ্টন করা হয়। ২০২৪-২৫ মরশুমের সদর আন্তঃস্কুল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের (ছাত্রী বিভাগ) চ্যাম্পিয়ন বড়দোয়ালী এইচএস স্কুল এবং রানার্স-আপ আসাম রাইফেলস পাবলিক স্কুলকে ১টি করে ব্যাগ দেওয়া হয়। ২০২৫-২৬ মরশুমের অংশগ্রহণকারী ৭টি স্কুলের প্রতিটিকে ২টি করে এবং ছেলেদের ২০২৪-২৫ মরশুমের চ্যাম্পিয়ন হেনরি ডিরোজিও একাডেমি ও রানার্স-আপ হোলি ক্রস স্কুলকে ১টি করে কিট ব্যাগ দেওয়া হয়।
এছাড়া অনূর্ধ্ব-১৫ বিসিসিআই ওয়ান ডে ট্রফিতে (২০২৫-২৬) সর্বোচ্চ ম্যাচ খেলা বিপিএল তালিকাভুক্ত ৬ জন বালিকা এবং অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে খেলা ৪ জন বিপিএল তালিকাভুক্ত বালককে ব্যক্তিগতভাবে কিট ব্যাগ দেওয়া হয়। একই সাথে টিসিএ-র অধীনে থাকা ১৭টি কোচিং/প্লে সেন্টারকে ২টি করে, ১৪টি অধিভুক্ত ক্লাবকে ১টি করে এবং অধিভুক্ত মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনগুলিকে ২টি করে কিট ব্যাগ প্রদান করা হয়।
ক্রিকেট কিট ব্যাগ বিতরণের পাশাপাশি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন এদিন রাজ্যের ক্রিকেটের তৃণমূল স্তরের প্রসারের কথা ভেবে এক বড় পদক্ষেপ নেয়। টিসিএ-র অধিভুক্ত রাজ্যের প্রতিটি মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে মাঠের রক্ষণাবেক্ষণ ও খেলার মান উন্নত করার জন্য বিশেষ মাঠের সরঞ্জাম তুলে দেওয়া হয়।
টিসিএ কর্তৃপক্ষের এই সামগ্রিক উদ্যোগ এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলের উদীয়মান ক্রিকেটারদের আগামী দিনে জাতীয় স্তরে ত্রিপুরার নাম উজ্জ্বল করতে দারুণভাবে সাহায্য করবে বলে ক্রীড়ামহল মনে করছে।
