আগরতলা।। ভারত সরকারের অর্থ পরিষেবা বিভাগের সচিব এম. নাগরাজু মঙ্গলবার রবীন্দ্র ভবন-এ রাজ্য স্তরের ব্যাঙ্কার্স কমিটির উদ্যোগে আয়োজিত এক গুরুত্বপূর্ণ ক্রেডিট আউটরিচ প্রোগ্রামে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাঙ্কিং ক্ষেত্র এবং প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, অর্থ দপ্তরের সচিব প্রশান্ত কুমার গোয়েল, পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ এস বি আই এর ম্যানেজিং ডিরেক্টর এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ।সম্মানীয় অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে মূলত ব্যাঙ্কিং পরিষেবার প্রসার, ঋণ সহায়তা এবং সাধারণ মানুষের কাছে আর্থিক পরিষেবাকে আরও সহজলভ্য করে তোলার বিষয় নিয়ে আলোচনা হয়।
পাশাপাশি বিভিন্ন সরকারি প্রকল্পের আওতায় ক্ষুদ্র ব্যবসায়ী, স্বনির্ভর গোষ্ঠী এবং উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের দিকেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করে তুলতে ব্যাঙ্কিং ব্যবস্থার সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ধরনের ক্রেডিট আউটরিচ প্রোগ্রাম সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।
