আগরতলা।। ২০১৪ সালে “আচ্ছে দিন”-এর প্রতিশ্রুতি দিয়ে কেন্দ্রে ক্ষমতায় আসে বিজেপি সরকার। কিন্তু সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস সহ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ মানুষ।
এই নিয়ে আজ প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সন্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তীর অভিযোগ , দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এখন স্বয়ং প্রধানমন্ত্রীও উদ্বেগ প্রকাশ করছেন। অথচ সাধারণ মানুষের স্বস্তির জন্য কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আন্তর্জাতিক পরিস্থিতির অজুহাত দেখিয়ে কেন্দ্র সরকার বারবার দায় এড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ কংগ্রেসের।তাদের দাবি, পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের উপর অতিরিক্ত কর প্রত্যাহার করতে হবে।
পাশাপাশি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনবিরোধী সিদ্ধান্ত বন্ধ করার দাবিও তোলা হয়।কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।
সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। এদিকে, মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক সংকটের ইস্যুতে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে প্রদেশ কংগ্রেস।
