ধর্মনগর।। উত্তর ত্রিপুরা জেলার ৫৬ নম্বর ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা ঘিরে সোমবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়েছিল রাজনৈতিক মহলে।
পাঁচ রাজ্যের বিধানসভা ভোটগণনার সঙ্গেই এই গুরুত্বপূর্ণ উপনির্বাচনের ফল ঘোষণার দিকে নজর ছিল সকলের।সকাল ঠিক আটটায় ধর্মনগর গার্লস স্কুলের কাউন্টিং হলে শুরু হয় ভোটগণনা প্রক্রিয়া। প্রথমে পোস্টাল ব্যালট গণনার মাধ্যমে সূচনা হয় এবং পরবর্তীতে ১৪টি টেবিলে ইভিএম গণনা শুরু হয়। মোট চারটি রাউন্ডে সম্পন্ন হয় গণনা।গণনার শুরু থেকেই এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। প্রতিটি রাউন্ডেই তিনি নিজের লিড বাড়াতে থাকেন। শেষ পর্যন্ত চার রাউন্ডের গণনা শেষে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই(এম) প্রার্থী অমিতাভ দত্তকে ১৮,২৯০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে আসনটি নিজেদের দখলে রাখেন।
জহর চক্রবর্তীর প্রাপ্ত ভোট ২৪২৯১টি।সিপিআই(এম) দলের প্রার্থী অমিতাভ দত্তের প্রাপ্ত ভোট ৬০০১ টি।এই নির্বাচনে কংগ্রেস প্রার্থীকে তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়। কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য্যের প্রাপ্ত ভোট ৫৯৩৬ টি। এছাড়াও ‘আমরা বাঙালি’ প্রার্থী নিবাস রঞ্জন দাসের প্রাপ্ত ভোট ২৭৪ টি।নির্দল প্রার্থী ব্রজলাল দেবনাথের প্রাপ্ত ভোট ১২৬ টি এবং এসইউসিআই প্রার্থী সঞ্জয় চৌধুরীর প্রাপ্ত ভোট ২২৬ টি।(সাথে নটাতে ভোট পড়েছে ৪৪৪ টি)। যদিও শেষ খবর পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিক ফল ঘোষণা বাকি ছিল।ফল প্রকাশের আগেই কার্যত উৎসবের আবহ তৈরি হয় ধর্মনগরে। কাউন্টিং হলের বাইরে বিপুল সংখ্যক বিজেপি সমর্থক জড়ো হয়ে বাজি ফাটানো, গেরুয়া আবির খেলায় মেতে ওঠেন এবং মিষ্টিমুখের মাধ্যমে জয়ের আনন্দ ভাগ করে নেন।
সব মিলিয়ে, ধর্মনগর বিধানসভা কেন্দ্র আবারও প্রমাণ করল—এটি বিজেপির শক্ত ঘাঁটি। শাসক দলের এই জয় আগামী দিনে রাজ্যের রাজনৈতিক সমীকরণে আরও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
image courtesy copy from Google images
