আগরতলা।।এডিসি নির্বাচনের ফলপ্রকাশের পর ত্রিপুরার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অশান্তি ও হিংসার অভিযোগ ক্রমেই তীব্রতর হচ্ছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ক্ষমতায় আসা তিপ্রামথা দলের একাংশ পরিকল্পিতভাবে তাদের নেতাকর্মীদের উপর ধারাবাহিক হামলা ও হেনস্তা চালাচ্ছে।

এর জেরে বহু কর্মী-সমর্থক নিরাপত্তার অভাবে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন বলেও অভিযোগ।বিশেষ করে সাব্রুমের ২৮ শিলাছড়ি-মনুবনকুল কেন্দ্রে বিজেপির জয়ের পর আক্রমণের মাত্রা বেড়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। অভিযোগ উঠেছে, কর্মীদের বাড়িতে হামলা, বাজার-ঘাট বন্ধ করে দেওয়া এবং দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো একাধিক ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।

এই প্রেক্ষাপটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মানিক সাহা। তিনি ঘটনাস্থল ঘুরে দেখে স্থানীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মুখ্যমন্ত্রী বলেন রাজনীতির নাম দিয়ে যেভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যেকোনো মূল্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। তিনি আরো জানান ঘটনার সঙ্গে যুক্ত কিছু কিছু অভিযুক্তের নাম সামনে এসেছে তাদের কাউকেই ছাড়া হবে না।

এসময় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য পুলিশের মহা নির্দেশকও।বর্তমান পরিস্থিতি স্পষ্ট করে দিচ্ছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ক্রমশ হিংসার রূপ নিচ্ছে, যা গণতান্ত্রিক পরিবেশের পক্ষে গভীর উদ্বেগের বিষয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *