আগরতলা: অভনগর এলাকায় সংঘটিত চুরির ঘটনার রহস্য উন্মোচন করে বড় সাফল্য পেল এনসিসি থানার পুলিশ। চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও ব্লুটুথ ডিভাইসসহ মোট ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, গত ১১ই মার্চ অভনগর এলাকার বাসিন্দা নব জয় ত্রিপুরার ভাড়াবাড়িতে চুরির ঘটনা ঘটে। ওইদিন বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ঘরে ঢুকে স্বর্ণের চেইন, কানের দুল, নগদ টাকা এবং একটি ব্লুটুথ ডিভাইস চুরি করে নিয়ে যায়। ঘটনার পর এনসিসি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্তে নামে এনসিসি থানার পুলিশ। তদন্ত চলাকালীন বিভিন্ন সূত্র ও প্রযুক্তির সহায়তায় পুলিশ চক্রটির সন্ধান পায়।
এরপর ধারাবাহিক অভিযানে ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, নগদ অর্থ এবং ব্লুটুথ ডিভাইস উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বর্তমানে সকল অভিযুক্তকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এনসিসি থানার ওসি প্রানজিত মালাকার জানান, “চুরির ঘটনাকে গুরুত্ব দিয়ে দ্রুত তদন্ত শুরু করা হয়েছিল। প্রযুক্তির সহায়তায় আমরা খুব অল্প সময়ের মধ্যেই অভিযুক্তদের শনাক্ত করতে সক্ষম হই এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে।”
তিনি আরও জানান, এলাকায় চুরি-ছিনতাই রুখতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই সাফল্যে এলাকায় স্বস্তির পরিবেশ ফিরে এসেছে বলে স্থানীয়দের অভিমত।
