আগরতলা : রাজ্যবাসীর দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া এবং গ্রামীণ পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম জেলায় নেওয়া হলো এক গুরুত্বপূর্ণ উদ্যোগ। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ), পঞ্চদশ অর্থ কমিশন, জল জীবন মিশন ও স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলাভিত্তিক সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল। পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, সংশ্লিষ্ট দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, প্রযুক্তিগত বিশেষজ্ঞ ও প্রশাসনিক প্রতিনিধিরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জিলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, “বিভিন্ন সরকারি প্রকল্পে বরাদ্দকৃত যে অর্থ এখনও অব্যয়িত অবস্থায় পড়ে রয়েছে, সেগুলি দ্রুত ও সঠিকভাবে ব্যয় করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে কোনও মানুষ যেন সরকারি প্রকল্পের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না থাকেন, তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।
এ দিনের কর্মশালায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা, গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা এবং ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের উপর। বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বাস্তব সমস্যা ও সমাধানের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে।
প্রশাসনিক সূত্রে জানা যায়, এই ধরনের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালার মাধ্যমে মাঠ পর্যায়ের কর্মীদের দক্ষতা আরও বাড়বে এবং সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন আরও গতিশীল হবে। এর ফলে গ্রামীণ জনজীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও নিরাপদ পানীয় জলের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে বলেই আশা প্রশাসনের।
