আগরতলা:আগরতলা পুর নিগমের অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো মহারানী জাহ্নবী দেবী লাইব্রেরির এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো নতুন মহাদেব মন্দিরের। শনিবার এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
ফিতা কেটে প্রথম তলে অবস্থিত এই অত্যাধুনিক লাইব্রেরির দ্বারোদ্ঘাটন করেন তিনি। একই সঙ্গে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে একটি মহাদেব মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেয়র।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা সহ পুর নিগমের অন্যান্য আধিকারিক এবং এলাকার বিশিষ্ট নাগরিকরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, “পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি ও আধ্যাত্মিকতার বিকাশেও পুর নিগম কাজ করে চলেছে। মহারানী জাহ্নবী দেবীর নামে এই লাইব্রেরি এলাকার ছাত্রছাত্রী ও বইপ্রেমী মানুষের জ্ঞানচর্চার কেন্দ্র হয়ে উঠবে।
আর মহাদেব মন্দিরটি এলাকার মানুষের আধ্যাত্মিক চাহিদা পূরণ করবে।” স্থানীয় কর্পোরেটর ভাস্বতী দেববর্মা এই উদ্যোগের জন্য মেয়রকে ধন্যবাদ জানান। লাইব্রেরি ও মন্দিরের উদ্বোধনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়।
