আগরতলা ।। স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত পশ্চিম ত্রিপুরা জেলার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও কালেক্টরের কার্যালয় প্রাঙ্গণে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্জ্য সংগ্রহের ৬টি হাইড্রোলিক হপার বর্জ্য সংগ্রহকারী গাড়ির শুভ সূচনা করা হয়।
এদিন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ও কালেক্টর ডঃ বিশাল কুমার এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল যৌথভাবে পতাকা নেড়ে এই গাড়িগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।বুধবার জেলা শাসক ও সমাহর্তার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বেলবাড়ি, ডুকলি, জিরানিয়া, লেফুঙ্গা, মান্দাই ও মোহনপুর ব্লকের হাতে এই যানগুলি তুলে দেওয়া হয়।৪ চাকার এই হাইড্রোলিক হপার যানগুলি ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ, বাজার ও আবাসিক এলাকা পরিষ্কার রাখতে ব্যবহৃত হবে। যানগুলিতে হাইড্রোলিক টিপিং সিস্টেম ও ঢাকনাযুক্ত হপার থাকায় দ্রুত বর্জ্য খালাসের পাশাপাশি দুর্গন্ধ ও দূষণও কমবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, স্বচ্ছ পরিবেশ গড়ে তুলতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহর ও গ্রামাঞ্চলে প্রতিদিন বিপুল পরিমাণ আবর্জনা জমা হয়। সেই বর্জ্য দ্রুত ও নিয়মিতভাবে সংগ্রহ ও অপসারণ করতে এই নতুন গাড়িগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্বচ্ছ ভারত মিশনের মূল লক্ষ্য শুধুমাত্র পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা নয়, বরং সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা।
নতুন এই গাড়িগুলির মাধ্যমে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহের কাজ আরও সহজ ও কার্যকর হবে।এদিনের অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক, জেলা পরিষদের সদস্য সহ বিভিন্ন স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন ত্রিপুরা গড়ার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
