আগরতলা।। বর্ধিত বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ গ্রাহকদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। গত মে মাস থেকে বাড়তি বিদ্যুৎ বিলের যে বোঝা তৈরি হয়েছে, তার ১০০ শতাংশই রাজ্য সরকার বহন করবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।
শুক্রবার আগরতলার সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা দেন বিদ্যুৎমন্ত্রী। তিনি জানান, গত মে মাস থেকে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ক্ষেত্রে যে অতিরিক্ত বিলের বোঝা তৈরি হয়েছে, তা রাজ্য সরকারই সম্পূর্ণভাবে বহন করবে।
মন্ত্রী রতন লাল নাথ বলেন রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের যন্ত্রণা আমরা অনুভব করতে পারি। আমরা জনগণের নারীর স্পন্দন বুঝি। যে বিশ্বাস নিয়ে এবং জনমত দিয়ে জনগণ আমাদের দায়িত্বে বসিয়েছেন সেই বিশ্বাসের সঙ্গে কোন অন্যতা হতে দেবে না রাজ্য সরকার। তাই রাজ্যের ইতিহাসে এই প্রথমবার কোন সরকার তার গ্রাহকদের ১০০ শতাংশ অর্থাৎ সম্পূর্ণ বোঝা নিজের কাঁধে তুলে নিল। এই সরকার সংখ্যার সরকার নয় এই সরকার মানুষের সরকার বলে দাবি করেন মন্ত্রী রতন লাল নাথ।
তিনি বলেন গতকাল মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভায় বিদ্যুতের অতিরিক্ত বর্ধিত মাশুলের ১০০% ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এইজন্য সরকারের তহবিল থেকে ৭৭ কোটি ৫৭ লক্ষ টাকা ভর্তুকি ছাড়াও আরো অতিরিক্ত ১১৭ কোটি ১৩ লক্ষ টাকা ব্যয় হবে। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথম ১০০ শতাংশ ভর্তুকি।
তিনি বলেন এই ভর্তুকি প্রযোজ্য হবে রাজ্যের প্রতিটি শ্রেণীর গ্রাহকের জন্য গৃহস্থালী, ছোট, মাঝারি, বড় সকল স্তরের ব্যবসায়ী, কৃষক, শিল্প প্রত্যেকেই এর আওতায় আসবে। শুধুমাত্র রেলওয়ে ট্রাকশন ছাড়া।
ডিফেন্স ইনস্টলেশন ,রেলওয়ে, অল ইন্ডিয়া রেডিও, দূরদর্শন ইত্যাদির ক্ষেত্রে সরকার ১৫ শতাংশ ভর্তুকি বহন করবে।সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকদের উপর বর্ধিত বিদ্যুৎ বিলের অতিরিক্ত চাপ কমবে বলে আশা প্রকাশ করেন বিদ্যুৎমন্ত্রী।
রাজ্য সরকারের এই ঘোষণায় স্বস্তি মিলবে সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের।
