আগরতলা, ৪ আগস্ট: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে সার্বিক শিক্ষার পরিবেশ উন্নত করা এবং স্কুল শিক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করতে রাজ্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করছে।
সারা রাজ্যে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের উদ্যোগের অংশ হিসেবে রাজধানী শহরের বড়দোয়ালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী একথা বলেন।
এই স্কুল পরিদর্শনের পর ডাঃ সাহা জানান, তাঁর লক্ষ্য হলো রাজ্যের প্রতিটি স্কুলে গিয়ে বাস্তব চিত্র অনুধাবন করা।
মুখ্যমন্ত্রী বলেন, এই উদ্যোগের অংশ হিসেবে প্রথম পরিদর্শন করা স্কুলগুলোর মধ্যে একটি বড়দোয়ালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, যা তাঁর নিজস্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। মানুষ যখনই সরকারি স্কুলের কথা শোনে, তখন প্রায়শই একটি বিশেষ ধারণা তৈরি হয়। সরকার বেতন এবং অন্যান্য সুবিধা সহ এই প্রতিষ্ঠানগুলোর পেছনে বিপুল অর্থ ব্যয় করে। সরকারি স্কুলের শিক্ষকদের দেওয়া বেতনের কাঠামো বহু বেসরকারি স্কুলের তুলনায় অনেক বেশি, তাই স্কুলগুলো যাতে গুণগত মান বজায় রাখে তা আমাদের নিশ্চিত করতে হবে। .
মুখ্যমন্ত্রী বড়দোয়ালী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে উন্নত পরিকাঠামো, পরিচ্ছন্নতা এবং একটি ইতিবাচক শিক্ষার পরিবেশ সহ একটি মডেল স্কুলে রূপান্তরিত করার উপর জোর দেন। তিনি বলেন, স্কুলটিকে মডেল স্কুল হিসেবে গড়ে তোলার পর অন্যান্য প্রতিষ্ঠানও এই উদাহরণ অনুসরণ করতে পারে।পড়াশোনা ও শিক্ষা তো চলতেই থাকবে, তবে স্কুলের সৌন্দর্য, পরিচ্ছন্নতা এবং সামগ্রিক পরিবেশও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভালো পরিবেশ ছাত্র-ছাত্রী ও শিক্ষক উভয়ের জন্যই সহায়ক হয়।
মুখ্যমন্ত্রী ডাঃ সাহা জানান, এই পরিদর্শনের সময় স্কুলের প্রধান সকালের প্রার্থনার সময় শিক্ষার্থীদের রোদে দাঁড়িয়ে থাকার সমস্যার বিষয়টি তুলে ধরেন। তিনি আশ্বাস দেন যে এই সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং শিক্ষাগত মান বজায় রাখার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকার উপরও গুরুত্ব আরোপ করেন। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের সাথে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান আয়োজনের পরামর্শ দেন, যাতে তাদের মধ্যে চারপাশের পরিবেশ নিয়ে দায়িত্ববোধ গড়ে ওঠে। সব জায়গাতেই ভালো অভ্যাস গ্রহণ করা উচিত। শিক্ষকদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং আমি তাঁদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
এদিন পরিদর্শনকালে সংশ্লিষ্ট আধিকারিকগণ মুখ্যমন্ত্রীকে একটি সীমানা প্রাচীর এবং গ্যালারি নির্মাণ সহ চলমান পরিকাঠামো উন্নয়নমূলক কাজ সম্পর্কে অবহিত করেন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, তাঁর এই স্কুল পরিদর্শন শুধু নিজের কেন্দ্রেই সীমাবদ্ধ থাকবে না; তিনি পুরো রাজ্য জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন যাতে তাদের প্রয়োজনীয়তা বুঝে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায়।
মুখ্যমন্ত্রী সমস্ত আটটি জেলায় নেশামুক্তি কেন্দ্র স্থাপন এবং স্বাস্থ্যসেবা সুবিধার সম্প্রসারণ সহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন। তিনি জানান, নরসিংগড়ের মতো সুবিধা সহ পুনর্বাসন পরিষেবাগুলোকে আরও শক্তিশালী করার কথা বিবেচনা করছে সরকার।মুখ্যমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানগুলোতে এই ধরনের সরেজমিনে পরিদর্শন সমস্যাগুলি সনাক্ত করতে এবং আরও ভালো উন্নয়নের জন্য কার্যকর সমাধান খুঁজে পেতে সাহায্য করবে।
