আগরতলা।। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, মার্কশিট ও পাশ সার্টিফিকেট সংশোধনের জন্য আবেদন করলেও তা খারিজ করে দিয়েছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।
এই সিদ্ধান্তের প্রতিবাদে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সামনে রাজ্যের ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অধিকার ও বিভিন্ন নথিপত্র সংশোধনের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করল এনএসইউআই এবং স্বভিমান সামাজিক সংস্থা। পরে পর্ষদের সভাপতির কাছে ডেপুটেশন প্রদান করা হয়।
সংগঠনগুলির দাবি ট্রান্সজেন্ডার পারসন্স অ্যাক্ট ২০১৮ অনুযায়ী ট্রান্সজেন্ডার ব্যক্তিদের পরিচয়পত্র ও গেজেটের ভিত্তিতে সকল সরকারি নথি সংশোধনের আইনি অধিকার রয়েছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যেখানে সুপ্রিম কোর্টের রায় রয়েছে এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় এবং মহাবিদ্যালয় গুলিতে তাদের নাম এবং নথিপত্র সংশোধন হচ্ছে সেই ক্ষেত্রে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এই অবতারণা করছে কেন।
বিগত দেড় বছর যাবত তারা মধ্যশিক্ষা পর্ষদের এসে পর্ষদের সচিব কে বুঝানোর চেষ্টা করেছেন কিন্তু প্রতিবারই তাদেরকে বিতাড়িত করা হয়েছে। এই পর্যন্ত তিনজন সচিব পরিবর্তন হয়েছে তারপরও তারা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না। এই পরিপ্রেক্ষিতে ট্রান্সজেন্ডারদের উচ্চ শিক্ষায় বাধার সম্মুখীন হতে হচ্ছে । এইরকম পরিস্থিতিতে তারা যাবে কোথায়। সচিবের সঙ্গে সাক্ষাৎ করলে সচিব জানায় যে ট্রান্সজেন্ডারদের কোন একজন হাইকোর্টে মামলা করেছেন।
যতদিন পর্যন্ত না মামলার সুরাহা হচ্ছে ততদিন পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে। সেই ক্ষেত্রে ট্রান্সজেন্ডার শিক্ষার্থীরা চরম সংকটের মুখে তাদের ভবিষ্যৎ নিয়ে। তাই যত দ্রুত সম্ভব শিক্ষাগত নথিপত্র সংশোধনের ক্ষেত্রেও সেই অধিকার নিশ্চিত করতে হবে।
