আগরতলা।। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন এবং পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের যৌথ উদ্যোগে সোমবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো একদিনের জেলা স্তরের কর্মশালা। “ক্লিন ওয়ার্ড, ক্লিন গ্রাম, ক্লিন ব্লক” থিমকে সামনে রেখে এই কর্মশালার আয়োজন করা হয়।

এদিনের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাশাসক দপ্তরের আধিকারিকগণ, বিভিন্ন ব্লকের বিডিও, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও অন্যান্য জনপ্রতিনিধিরা।কর্মশালায় জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ওয়ার্ড, গ্রাম ও ব্লক স্তরে পরিচ্ছন্নতা অভিযানকে আরও শক্তিশালী করা।

বিশেষ করে জৈব বর্জ্য, পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য, বিপজ্জনক বর্জ্য এবং অবশিষ্ট বর্জ্যের সঠিক পৃথকীকরণ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে নিষ্পত্তির উপর গুরুত্ব আরোপ করা হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি বিশ্বজিৎ শীল বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় প্রশাসনের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই আমরা স্বচ্ছ ও দূষণমুক্ত ত্রিপুরা গড়তে পারব।”

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে প্রতিটি ওয়ার্ড ও পঞ্চায়েতে এই বার্তা পৌঁছে দেওয়া হবে এবং বর্জ্য ব্যবস্থাপনাকে আরও পরিকল্পিতভাবে সাজিয়ে তোলা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *