আগরতলা।।২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে কি তবে শক্তি পরীক্ষার মঞ্চ হয়ে উঠেছে সাব্রুম নগর পঞ্চায়েত নির্বাচন? অন্তত মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার বক্তব্যে তেমনই রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট! আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মেলার মাঠে বিজেপির নির্বাচনী জনসভা থেকে কার্যত আত্মবিশ্বাসের সুর শাসক শিবিরের।
সাব্রুমের মেলার মাঠে নির্বাচনী প্রচারের মঞ্চ। উপস্থিত মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, বিধায়ক প্রমোদ রিয়াং সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনে সাব্রুমের ৯টি ওয়ার্ডের প্রার্থীদের নিয়ে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির ৮ জন এবং এনডিএ শরিক তিপ্রা মথার ১ জন প্রার্থী।কিন্তু রাজনৈতিক সমাবেশের ভিড়ের ছবিতে ছিল অন্য বার্তাও! নগর পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। বরং দর্শকাসনের বড় অংশ জুড়েই দেখা যায় গ্রামীণ এলাকার বিজেপি কর্মী-সমর্থকদের।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল হিসেবে অভিহিত করেন। ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে তিনি সাধারণ মানুষের কাছে বিজেপি ও এনডিএ প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে ২৪ ঘণ্টা রাজ্যবাসীর কল্যাণে কাজ করার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বিজেপির প্রতি মানুষের আস্থা বাড়ছে।
নির্বাচনী প্রচারে যেভাবে সাড়া মিলছে, তাতে এবারের ফলাফল হবে কল্পনার বাইরে!তবে মুখ্যমন্ত্রীর আত্মবিশ্বাস আর জনসভার উপস্থিতির ছবির মধ্যে কতটা মিল রয়েছে, তার উত্তর দেবে আগামী ২৭ নভেম্বরের ভোট। সাব্রুমের ৯টি ওয়ার্ডে শেষ পর্যন্ত জনতার রায় কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
