আগরতলা।। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় ত্রিপুরা পরিবহন দপ্তরে উৎসবের আমেজ। আগরতলার ত্রিপুরা পরিবহন নিগমের মুখ্য কার্যালয় প্রাঙ্গণে পরিবহন দপ্তরের উদ্যোগে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজো।প্রতিবছরের মতো এবছরও কর্মীদের পাশাপাশি পরিবহন দপ্তরের সঙ্গে যুক্ত বিভিন্ন মহলের উপস্থিতিতে পালিত হয় এই পুজো।

তবে এবারের আয়োজনে ছিল বিশেষ বার্তা। বিশ্বকর্মা পুজোর মণ্ডপ ও প্রাঙ্গণে তুলে ধরা হয় ‘রোড সেফটি’ বা সড়ক নিরাপত্তার বিভিন্ন সচেতনতামূলক থিম।গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা বজায় রাখা, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ থেকে বিরত থাকা—সহ নিরাপদে যানবাহন চালানোর বিভিন্ন দিক তুলে ধরা হয় প্রদর্শনীর মাধ্যমে।সড়ক দুর্ঘটনা রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতেই এই উদ্যোগ বলে জানা যায়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

স্বপরিবারে পুজো প্রাঙ্গণে উপস্থিত হয়ে বিশ্বকর্মা দেবের আরাধনায় অংশ নেন তিনি। পাশাপাশি ঘুরে দেখেন সড়ক নিরাপত্তা বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক থিম ও প্রদর্শনী।বিশ্বকর্মা পুজোর এই আয়োজনে একদিকে যেমন দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা, অন্যদিকে তেমনই সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় নিরাপদ সড়ক চলাচলের বার্তা।

উৎসবের আবহে পরিবহন দপ্তরের এই উদ্যোগে গুরুত্ব পেল সড়ক নিরাপত্তা ও সচেতনতার বিষয়টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *